টেস্ট সিরিজ শুরুর চার দিন আগে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। করোনা পজিটিভ হওয়ায় দুই সপ্তাহ তার কেটেছে চার দেয়ালের মাঝে।
আইসোলেশন সেন্টার থেকে ছাড়া পেয়ে রোববার মাউন্ট মঙ্গানুইতে মাঠের কাজে যোগ দেন হেরাথ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শ্রীলঙ্কান কোচের কণ্ঠে ঝরল খুশির আমেজ।
‘টেস্ট শুরুর চার দিন আগে দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি ভীষণ আনন্দিত। ১৪ দিনের কঠিন কোয়ারেন্টাইন ছিল, এখন ফিরতে পেরে খুব ভালো লাগছে। বিসিবি ও নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাই, তারা আমার পাশে ছিল। এখন নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে আছি।’
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের মধ্যে হেরাথ পজিটিভ হওয়ায় টেস্ট সিরিজ নিয়েই জাগে শঙ্কা। সব অনিশ্চয়তা কেটে যায় তৃতীয় কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হলে।
হেরাথ ছাড়া বাকি সদস্যদের কোয়ারেন্টাইন করতে হয় ১০ দিন। দীর্ঘ কোয়ারেন্টাইনের পর ক্রাইস্টচার্চে কয়েকটা দিন হয়েছে হালকা অনুশীলন। রোববার প্রথম টেস্টের ভেন্যুতে শুরু হয়েছে পুরোদমে অনুশীলন।
২৮ ও ২৯ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা। সিরিজের প্রথম টেস্ট শুরু ১ জানুয়ারি।







