মা ও শাশুড়ি অসুস্থ, অসুস্থ তিন শিশু সন্তানও, পাঁচজনই ভর্তি হাসপাতালে— পরিবারের এমন কঠিন সময়ে পাশে থাকতে দেশের ফেরার গুঞ্জন ছড়িয়েছিল সাকিব আল হাসানকে ঘিরে। শেষ খবর, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে দলের সাথেই থাকবেন তিনি।
প্রথম ম্যাচের সেরা অলরাউন্ডারকে তৃতীয় ওয়ানডেতেও পাওয়ার বিষয়টি জানিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেছেন, ওয়ানডে সিরিজের পর দেশে ফেরার বিষয়ে ভাববেন সাকিব।
‘সাকিবের পরিবারের অনেকেই অসুস্থ। যার জন্য ওর মনে একটা দ্বিধা আছেই। দেশে ফেরার টিকেটও প্রায়ই বুক করতে হচ্ছে আমাদের। আজকেও তার চলে যাওয়ার কথা ছিল। ব্যাগপ্যাক গোছানোর কথা হচ্ছিল, সে চলে যাবে আজ। কিন্তু সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যাবে না, সে খেলেই যাবে। সে (তৃতীয় ম্যাচেও) খেলছে।’ বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বলেছেন সুজন।
পরিবারের পাশে থাকতে সোমবার দেশে ফিরছেন সাকিব— এমন খবরও এসেছিল। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিতও করেছিলেন। সেই তথ্যটি ভুল উল্লেখ করে সাকিবের খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুজন।
‘সাকিবের যাওয়ার কথা ছিল এটা সত্যি। জালাল (ইউনুস) ভাই হয়তোবা বলেও দিয়েছিলেন, সাকিব চলে যাবেন। তার কিছুক্ষণ পর সাকিব সিদ্ধান্ত নিয়েছেন যে, যাবে না খেলেই যাবে। এখন সাকিব যাচ্ছে না। তৃতীয় ম্যাচ খেলেই আমরা পরে চিন্তা করব।’
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন পরিবারের সদস্যদের অসুস্থতার কথা জানতে পারেন সাকিব। শুরুতে বিসিবির তরফ থেকে জানানো হয়, সিরিজের শেষ ম্যাচে খেলবেন সাকিব। তবে চাইলে তাকে দেশে ফেরার অনুমতিও দিয়ে রেখেছিল বোর্ড। কিন্তু সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, সিরিজ নির্ধারণী ম্যাচে খেলবেন।
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে নানা নাটকীয়তার মাঝ দিয়ে গেছেন সাকিব। মানসিক অবসাদের কথা তুলে শুরুতে ছুটি নিয়েছিলেন। বিসিবি দুমাসের বিশ্রাম দেয়। পরে সিদ্ধান্ত থেকে সরে এসে খেলতে গেছেন প্রোটিয়া ডেরায়। বাভুমাদের মাটিতে ইতিহাস গড়া প্রথম ওয়ানডে জয়ে হয়েছেন সেরা খেলোয়াড়। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দ্যুতি ছড়াতে ব্যর্থ হন, দারুণ বোলিং অবশ্য করেছিলেন।







