ফুটবল

দলবদলের শেষ মুহূর্তে তিন চমক

পিএসজিতে ইকার্দি-নাভাস, সেল্টায় রাফিনহা

দলবদলের শেষ মুহূর্তে তিন চমক

ইকার্দির নতুন ঠিকানা পিএসজি

গ্রীষ্মকালীন দলবদল উইন্ডো ক্লজের একেবারে শেষমুহুর্তে বেশকিছু বড় নাম পাড়ি জমালেন অন্য ক্লাবে। ইন্টার মিলান থেকে পিএসজিতে গেছেন মাউরো ইকার্দি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ফরাসি জায়ান্টদের ডেরায় নাম লিখিয়েছেন কেইলর নাভাসও। আর ধারে সেল্টা ভিগোয় পাঠানো হয়েছে বার্সেলোনার রাফিনহাকে।

আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দিও অবশ্য ধারেই গেছেন। এক মৌসুমের জন্য তাকে ফ্রেঞ্চ জায়ান্টদের কাছে পাঠিয়েছে ইতালিয়ান জায়ান্ট মিলান। তবে চাইলে পাকাপাকিভাবেও তাকে রেখে দিতে পারবে পিএসজি। মিলানে ছয় মৌসুমে ২১৯ ম্যাচে ১৬৪ গোল রেখে গেলেন ২৬ বছর বয়সী ইকার্দি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা গোলরক্ষক কেইলর নাভাস পাকাপাকিভাবেই পিএসজিতে গেছেন। চার বছরের চুক্তিতে কোস্টারিকা তারকাকে দলে টেনেছে নেইমার-এমবাপের ক্লাব।

৩২ বছর বয়সী নাভাস ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। ২০১৪ সালে লেভান্তে থেকে রিয়ালে এসেছিলেন তিনি। গেলেন নামের পাশে ১২টি শিরোপা যোগ করে।

রাফিনহাকে সেখানে চুক্তির মেয়াদ আগামী বছর পর্যন্ত বাড়িয়ে তারপর ধারে সেল্টায় পাঠাল বার্সেলোনা। ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাতালান ক্লাবটির সমপর্যায়ের বেতন-ভাতাই পাবেন নতুন ঠিকানায়।

বিষয়:ইকার্দি নাভাস পিএসজি বার্সেলোনা রাফিনহা রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…