ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে টেলিফোনে হুমকি দেয়া হয়েছে। অবৈধ ভিওআইপি ও সিমের পুন:নিবন্ধনের কাজ পরিচালনা করার জন্য এই হুমকির মুখোমুখি হন তিনি।
বৃহস্পতিবার অফিসের টেলিফোনে তাকে এই হুমকি দেয়া হয়। সেখানে সরকারের পরিচালিত অবৈধ ভিওআইপি ও সিমকার্ড নিয়ন্ত্রণের এই কার্যক্রম বন্ধ করার কথা বলা হয়।
হুমকিতে তারানা হালিমকে বলা হয়, ধীরে চলুন, অবৈধ সিমকার্ড ও ভিওআইপি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এত লাফালাফির দরকার নেই।
জবাবে তারানা হালিম বলেছেন, আমি কেন ধীরে কাজ করবো? আর আপনিই বা কে আমাকে এমন হুকুম দেওয়ার জন্য?
তবে হুমকি কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকেই এসেছে বলেই মনে করছেন তারানা হালিম। জবাবে তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই কাজ করছি, কারো হুমকিতেই সেটা থেমে থাকবে না। আমি বিক্রি হওয়ার মতো কেউ নই।
এরপরই বিষয়টি র্যাবকে জানানো হয়েছে, এখন র্যাব সেই নম্বরটি চিহ্নিত করার কাজ করছে।






