প্রথম ম্যাচে করেছিলেন ১৮ বলে ১৮! এবার পাঁচ রান বেশি করলেন তামিম ইকবাল। হাশিম আমলার সঙ্গে মিলে ৪৭ রানের শুরু এনে দিল যেটি। যার উপর ভর করে দারুণ এক ফিফটিতে আমলাই পরে বিশ্ব একাদশকে ৭ উইকেটে জয়ের পথ দেখিয়েছেন।
লাহোরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তুলেছিল পাকিস্তান। জবাবে বিশ্ব একাদশ এক বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে। শেষ দুই বলে দরকার ছিল ৬ রান। থিসারা পেরেরা রুম্মন রইসকে ছয় হাঁকিয়ে শেষ বল পর্যন্ত গড়াতে দেননি ম্যাচ।
তিন টি-টুয়েন্টির সিরিজে এখন ১-১ এ সমতা। প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ২০ রানে। সিরিজের শেষ ম্যাচটি ১৫ সেপ্টেম্বর। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
শুরুতে ফখর জামান ২১, আহমেদ শেহজাদ ৪৩, বাবর আজম ৪৫ ও শোয়েব মালিকের ১ চার ৩ ছয়ে ২৩ বলে ৩৯ রানে পৌনে দুইশর সংগ্রহ পায় স্বাগতিকরা।
স্যামুয়েল বদ্রি ও থিসারা পেরেরা নেন ২টি করে উইকেট। একটি করে গেছে বেন কাটিং ও ইমরান তাহিরের দখলে।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও আমলা ৫.৩ ওভারে ৪৭ রান তুলে ফেলেন। ব্যাটে ঝড়ের আভাস দিয়ে ২ চার ও এক ছয়ে ১৯ বলে ২৩ রানে থেমেছেন টাইগার বাঁহাতি উদ্বোধনী। সোহেল খানের বলে মালিকের তালুতে জমা পড়েছেন।
পরে টিম পেইন ১০, অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ২০ রানে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রানের গতি ঠিক রেখেছেন আমলা। শেষদিকে ঝড় তুলেছেন পেরেরা।
মলা ও পেরেরা ৫.৫ ওভারে ৬৯ রান তুলে জয় ছিনিয়ে আনেন। শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত থাকেন আমলা। প্রোটিয়া তারকার ইনিংসটি ৫ চার ও ২ ছয়ে ৫৫ বলে সাজানো।
লঙ্কান পেরেরা অপরাজিত থাকেন ৪৭ রানে। তার ঝড় তোলা ইনিংসটিতে নেই কোনও চার, আছে পাঁচটি ছয়ের মার। বল খেলেছেন মাত্র ১৯টি!








