বলিউডের অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিযোগ তুলেছেন বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও। বুধবার এই দুজনের পক্ষ থেকেই পাল্টা উকিল নোটিশ পেয়েছেন তনুশ্রী।
বুধবার তনুশ্রী বলেন, ‘এই হলো ভারতে যৌন হেনস্তার বিরুদ্ধে বলার পরিণতি। অবিচার এবং অপমান।’ তিনি জানান, একাধিক অভিনয় শিল্পী এবং পরিচালকও তার বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুলছেন সামাজিক মাধ্যমে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তার বাড়িতেও নাকি দুজন জোর করে ঢুকার চেষ্টা করেছে। তবে নিরাপত্তা প্রহরীরা থাকার কারণে ঢুকতে পারেনি তারা। এছাড়াও প্রতিনিয়তই হুমকি দেয়া হচ্ছে তাকে।
সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এমন ঘটনার পর পরই বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে যায় বলিউডে! আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিযুক্ত নানা পাটেকার।
তবে এই বিষয়ে কিছু বলার আগে হেসে অভিযোগটি উড়িয়ে দেন নানা পাটেকার। পাল্টা প্রশ্ন করেন, যৌন হেনস্তা বলতে তনুশ্রী কী বুঝাতে চাইছেন? সে বিষয়টিও জানতে চান এই অভিনেতা।
বলেন, যেদিনের কথা বলা হচ্ছে সেই সময় শুটিং সেটে ৫০ থেকে ৬০ জন হাজির ছিলেন। এমন অভিযোগকে অবান্তর দাবী করে নানা পাটেকার বলেন, এই বিষয়ে আলোচনা করা মানে শুধু শুধু সময় নষ্ট করা।
যৌন হেনস্তার অভিযোগে বলিউডেও অনেকে পক্ষে-বিপক্ষে কথা বলছেন অনেকে। তনুশ্রীর পক্ষ নিয়ে অনেকে সোশাল মিডিয়াতেও কথা বলছেন। হিন্দুস্তান টাইমস








