রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ সফরে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সঙ্গে ছিলেন জাতীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ।
সকলের সম্ভাষণের জবাব দিয়ে মন্দিরে পূজা করেন ভারতের প্রধানমন্ত্রী।
ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের সদস্যদের সঙ্গে কুশলও বিনিময় করেন মোদি।
মন্দিরের পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে দেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব). সিআর দত্ত, বীর উত্তম। উপহার হিসেবে মন্দিরের রেপ্লিকা তুলে দেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি জে এল ভৌমিক।
ঢাকেশ্বরীতে কিছু সময় অবস্থান করে মোদি চলে যান রামকৃষ্ণ মিশন পরিদর্শনে।







