বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এখন ঢাকায়। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান সাবেক মিস ইউনিভার্স খ্যাত এই অভিনেত্রী।
ইউনিলিভারের ‘ট্রেসেমে’ নামের একটি শ্যাম্পুর বাজারজাত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা।
সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে একটি ফ্যাশন শোতে অংশ নেবেন তিনি। সুস্মিতা ছাড়াও বাংলাদেশের অনেক তারকারও এই ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা রয়েছে।
১৯৯৬ সালে নির্মিত ‘দস্তক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সুস্মিতা সেন। তবে এর বছর দু-এক আগে তার নামের সঙ্গে যুক্ত হয় মিস ইউনিভার্স খ্যাতি।
‘দস্তক’ ছবির পর তিনি ৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী।







