রাজধানীর রামপুরা ও তুরাগ থানা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত
হয়েছে কথিত দুই ছিনতাইকারী।
বুধবার দিবাগত রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের
বালুর মাঠে এবং তুরাগ থানা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে র্যাব।
র্যাব জানায়, তুরাগ থানা এলাকার চৌকি বসিয়ে তল্লাশির সময় একদল ছিনতাইকারীর সঙ্গে র্যাবের গুলিবিনিময় হয়। এতে একজন নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রামপুরায় বন্দুকযুদ্ধে নিহতের নাম কামাল পারভেজ (৪৫) বলে জানা গেছে। সে থাকতো উত্তরায়। ছিনতাই চেষ্টার অভিযোগে তাকে অস্ত্রসহ আটক করেছিল পুলিশ। এরপর তাকে সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়েছিল র্যাব।
বুধবার বিকালে রাজধানীর তালতলা মাঠে এক নারীর গয়না ও টাকা লুট করার সময় একটি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ কামালকে আটক করে পুলিশ।
পরে রাতে তাকে নিয়ে বালুর মাঠ এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা র্যাবের দিকে গুলি ছোঁড়ে। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সহযোগীদের ছোঁড়া গুলিতেই কামাল গুলিবিদ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।








