যুদ্ধে গেছেন রাজা, তারপর থেকেই নিখোঁজ তিনি। কিন্তু রানীর মনে সে নিয়ে কোনো কষ্ট নেই। রানী প্রেমে পড়েছেন তারই সৎ ছেলে যুবরাজ হিপোলিটাস এর। রানী ফেইড্রার মনে এখন যত যাতনা সব যুবরাজ কে ঘিরেই। কি করে জানাবেন তিনি, তার এই মনোবাসনা?
রাজার মৃত্যু সংবাদ শুনে যখন রানী তার মনের কথা জানালেন যুবরাজকে ঠিক তখনই খবর এলো রাজা বেঁচে আছেন এবং ফিরেও এসেছেন। এসব দ্বন্দ্ব নিয়েই জ্যঁ রাসিন রচনা করেছিলেন ফরাসি ধ্রুপদী নাটক ‘ফেইড্রা’। আর সেই ‘ফেইড্রা’ অবলম্বনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অগ্রজ শিক্ষক, অধ্যাপক ইস্রাফিল শাহীন নির্দেশনা দিয়েছেন নাটক ‘সাঁঝবেলার বিলাপ’।
এম. এ সমাপনী সেমিস্টার এর শিক্ষার্থীদের অংশগ্রহণে নিবেদিত নাটকটি, সম্প্রতি নয়াদিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) তে অনুষ্ঠিত নবম এশিয়া প্যাসিফিক নাট্যোৎসব এর উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ভূয়সী প্রশংসিত হয়ে ফিরেছে।
ঢাকার দর্শকদের জন্য নাটকটি আবারও মঞ্চায়িত হবে ১৬-১৮ই মে ২০১৭ তারিখে, প্রতিদিন সন্ধ্যা ৭ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফরিন হুদা তোড়া, ধীমান চন্দ্র বর্মণ, ইশতিয়াক খান পাঠান, ইলিয়াস বাসেত, গোলাম নাসির রানা, সাওগাতুল ইসলাম হিমেল ও সাফওয়ান মাহমুদ।
নাটকটিতে পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক জলি, কাজী তামান্না হক সিগমা ও আশিক রহমান লিয়ন। মঞ্চকথন, ড্রামাতুর্গ ও গীতরচনা শাহমান মৈশান। মঞ্চ, আলোক ও দ্রব্য পরিকল্পনা ও প্রয়োগ করেছেন আশিক রহমান লিওন। রূপ সজ্জা পরিকল্পনা রহমত আলি।
সঙ্গীত পরিকল্পনা ও প্রয়োগ সাইদুর রহমান লিপন ও কাজী তামান্না হক সিগমা। দেহ বিন্যাস করেছেন অমিত চৌধূরী।








