বাংলাদেশ

ডি-৮ সম্মেলন: রোাহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস

ডি-৮ সম্মেলন: রোাহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে রাজনৈতিক ও মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে উন্নয়নশীল ৮টি দেশের গ্রুপ ডি-৮ সদস্যভুক্ত দেশগুলো। এই সমস্যা বাংলাদেশে মানবিক সংকট সৃষ্টি করেছে বলেও মনে করছেন তারা।

তুরস্কের ইস্তাম্বুলে ডি-৮ এর ৯ম সম্মেলনে সদস্য দেশগুলো এই আশ্বাস দেয়। বাংলাদেশ ছাড়া ডি-৮ এর অন্যান্য সদস্য দেশগুলো হলো- তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং পাকিস্তান।

ডি-৮ সদস্যরা মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবাসনের উপর গুরুত্বারোপ করেন।

রোহিঙ্গাদের জন্য হৃদয় ও দেশের সীমান্ত খুলে দেয়া এবং সমস্যা সমাধানে নেতৃত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন সম্মেলনের সভাপতি রিসেপ তাইয়েফ এরদোগান।

তিনি এই বিশাল ভার বহনে বাংলাদেশের পাশে দাঁড়াতে সকলকে আহ্বান জানান এবং রোহিঙ্গাদের জন্য অস্থায়ী হাসপাতাল ও হেলথ ক্যাম্পসহ আবাসন নির্মাণে আগ্রহ প্রকাশ করেন।

সম্মেলনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সম্প্রতি তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন।

অন্যান্যের মধ্যে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন এবং তাদের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। ডি-৮ সদস্যরা রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্মেলনে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বর্তমান রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রে সক্রিয় সমর্থনের জন্য ডি-৮ সদস্যদের প্রশংসা করেন।

সম্মেলনে ‘ডি-৮ ইস্তাম্বুল ঘোষণা ২০১৭’ এবং ‘ডি-৮ ইস্তাম্বুল প্ল্যান অব অ্যাকশন ২০১৭’ গৃহীত হয়। প্রতিমন্ত্রী আস্থা প্রকাশ করে বলেন, এই দু’টি ডকুমেন্ট বাস্তব ফলাফল ভিত্তিক প্রকল্প ও নীতিপদ্ধতি গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।

বিষয়:ডি-৮ ডি-৮ সম্মেলন রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…