সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সদস্যদের জন্য আধুনিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। সাংবাদিকতাসহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের সব ধরনের বই থাকবে এতে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে লাইব্রেরিটির নামকরণ করা হয়েছে।
আগামী রোববার ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত এই লাইব্রেরির উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গণমাধ্যমে দাওয়াতপত্র দিয়ে এ খবর জানিয়েছেন।
এব্যাপারে ডিআরইউর তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ বলেন, সাংবাদিকদের জন্য বিষয়ভিত্তিক পড়াশোনা অনেক জরুরি।
বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন এই লাইব্রেরি নির্মাণের চেষ্টা করে আসছিল। আধুনিক এই লাইব্রেরি নির্মাণের ফলে সাংবাদিকদের অধ্যয়ন ও গবেষণায় অনেক কাজে আসবে।








