তামিম ইকবাল ও সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই আউট হওয়ায় লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে এ নিয়ে সর্বোচ্চ তিনবার ‘ডাক’ মারলেন বাংলাদেশের দুই ওপেনারই।
টি-টুয়েন্টি সংস্করণে দুই ওপেনারই রান না করে আউট হওয়ার ঘটনা ঘটেছে ১৩বার। যার মধ্যে সর্বোচ্চ তিনটি বাংলাদেশের দখলে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে এটি দুইবার। একবার করে আছে আটটি দলের।
বাংলাদেশের প্রথমটি ২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান না করেই সাজঘরে ফিরেছিলেন ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল।
পরেরটি ৬ বছর পর দেশের মাটিতে ২০১৬ সালের এশিয়া কাপে। মিরপুরে মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার আউট হন শূন্য রানে। বুধবার সেন্ট কিটসে তৃতীয়টিতেও নাম লেখালেন সৌম্য।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অফস্পিনার অ্যাসলে নার্সের প্রথম বল হাত থেকে ছাড়ার আগেই ডাউন দ্য উইকেটে এগিয়ে আসেন তামিম। এ বাঁহাতির গতিবিধি বুঝেই বল টেনে দেন নার্স। স্টাম্পিং হয়ে ফেরেন ওয়ানডে সিরিজের সেরা ব্যাটসম্যান।
তিনে নামা লিটন দাস প্রথম বলে কাট শটে মারেন চার। সিঙ্গেলস নিয়ে প্রান্ত বদলাতেই সৌম্য সরকার ফেরেন সাজঘরে। জায়গায় দাঁড়িয়ে থেকে দেখেন বোল্ড হওয়া!







