মিরপুর টেস্টে বিনামূল্যে মাঠে বসে দেখা যাবে খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে দর্শকদের জন্য দারুণ এক সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্পূর্ণ বিনামূল্যে গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা।
আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মিরপুরে গড়াবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয়টি। মিরপুর টেস্ট সামনে রেখে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে বিনামূল্যে খেলা দেখার বিষয়টি।
মিরপুর টেস্টের পাঁচ দিনই দর্শকরা স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে কোনো ধরনের টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন। তবে বিসিবির এই বিনামূল্যে প্রবেশ সুবিধা সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকার ক্ষেত্রে আগের মতই টিকিট কেটে প্রবেশ করতে হবে।






