জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফুটবলারদের বহনকারী বাসে বোমা হামলার পর মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে যাওয়ার কিছু আগে টিম হোটেল ছাড়ার সময় খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
নর্থ-রাহিনে ওয়েস্টফেলিয়া পুলিশ জানিয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশের ভাষ্যমতে, তিনটি বিস্ফোরণ ঘটেছে। বোমার আঘাতে খেলোয়াড়দের বহনকারী বাসের জানালার কাচ ভেঙে যায়। দলটির ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের খেলোয়াড় মার্ক বাত্রা আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মোনাকোর বিপক্ষে সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কোয়ার্টারের লড়াইয়ে নামার সূচি ছিল ডর্টমুন্ডের। ম্যাচটি শুরুতে বন্ধ রাখার ঘোষণা আসে। পরে পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়।

সন্ত্রাসী হামলার পর বাত্রাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি এই তারকা ফুটবলারের। তার সর্বশেষ অবস্থা স্থিতিশীল বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডর্টমুন্ডের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, দলের অন্য খেলোয়াড়রা নিরাপদে আছেন। স্টেডিয়াম এলাকাও নিরাপদ বলে ওই বার্তায় জানানো হয়।








