ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। প্রয়োজন ও পছন্দ অনুযায়ী টিকিট না পাওয়ায় অনেক যাত্রীর ক্ষোভ থাকলেও টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীর সংখ্যাও কম নয়। রেলমন্ত্রী বলেছেন, যাত্রী দুর্ভোগ লাঘবে টিকিট বিক্রির সময় দুই ঘন্টা এগিয়ে আনা হবে।
সকাল ৮টা বাজার সাথে সাথে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মানুষের এই হুল্লোড়ই বলে দিচ্ছে কতটা আবেগ আর উৎকন্ঠা নিয়ে অপেক্ষার প্রায় ১২ ঘন্টা পার করেছেন ট্রেনের টিকিট প্রত্যাশীরা।
আগামী ২২ জুন ঈদের আগে শেষ কর্মদিবস। ওই দিনের টিকিট কিনতে স্টেশনচত্বর জুড়ে এতো মানুষের ভিড়। লাইনের শুরুর দিকে যারা ছিলেন, টিকিট পেয়েই যেন ঈদের খুশিটা শুরু হলো তাদের।
সকাল সাড়ে এগারোটা। লাইনের সামনে থেকে গুজব উঠলো টিকিট শেষ। লাইনের পেছনে থাকারা দাঁড়িয়ে গেলেন আগামী দিনের জন্য। সকালে রেলমন্ত্রী আসেন টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে। কথা বলেন যাত্রীদের সাথে। জানান, আগামীতে আরো দু’ঘন্টা এগিয়ে আনা হবে টিকিট বিক্রির সময়।
বুধবার সব বিভাগীয় স্টেশন থেকে ২৩ জুনের আগাম টিকিট বিক্রি হবে। ঈদের বিশেষ ট্রেনের টিকিটও মিলবে বুধবার থেকে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







