দশম দেশ হিসেবে ২০০০ সালে টেস্ট পরিবারে পা রাখে বাংলাদেশ। জিম্বাবুয়েকে পেছনে ফেলে নয় নম্বরে উঠতে লেগে যায় দীর্ঘসময়। এবার আরেকধাপ এগিয়ে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে। বৃহস্পতিবার মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই প্রথমবারের মত র্যাঙ্কিংয়ের আটে উঠে যাবে বাংলাদেশ। পেছনে ফেলবে ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট সমান ৭২। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আটে ক্যারিবীয়রা, নয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলে দুই পয়েন্ট, জিতলে ছয় পয়েন্ট পেয়ে যাবে টাইগাররা। টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজকে। হেরে গেল এক পয়েন্ট কমে যাবে। তখন ৭১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনেই থাকতে হবে বাংলাদেশকে।
র্যাঙ্কিং নিয়ে অবশ্য খুব বেশি ভাবতে চান না সাকিব আল হাসানের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। তবে জয়ের অভিপ্রায় নিয়েই নামতে চান সিরিজ নির্ধারণী ম্যাচে।
‘র্যাঙ্কিংয়ের বিষয়টা হচ্ছে, ভাল করে ম্যাচ জিতলে এটা আপনার দিকে আসবে। অবশ্যই সুযোগ। আর একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশের জন্য জেতা হল। র্যাঙ্কিং নিয়ে অতটা ভাবছি না। জিতলে অবশ্যই র্যাঙ্কিংয়ে এটা সহায়তা করবে।’








