দুর্দান্ত লড়াই করেও তিন ম্যাচের একদিনের সিরিজ হারতে হয়েছে। তবে বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড। আর সে লক্ষ্যে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরকে দলে ফিরিয়েছে কিউইরা।
সীমিত ওভারের ক্রিকেটে সবসময়ই বেশ লড়াকু প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই লড়াকু চেহারাটা ছোট ফরমেটেও ধরে রাখতে চায় তারা। সে কথা মাথায় রেখেই টেলরকে দলে ফেরানো।
চোটে কাবু লেগস্পিনার টড অ্যাস্টলের পরিবর্তে দলে নেওয়া হয়েছে টেলরকে। ২০১৬ সালের মার্চের পর থেকে ‘ব্ল্যাক ক্যাপস’দের জার্সিতে আর টি-টুয়েন্টিতে খেলতে দেখা যায়নি টেলরকে।
এবার কোহলিদের বিরুদ্ধে একদিনের সিরিজে বেশ ভাল ফর্মেই ছিলেন। ৩ ম্যাচে নামের পাশে ১৫৫ রান। তারও আগে সফরের শুরুতেই বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে ঝকঝকে শতরান করেছিলেন টেলর। ফলে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে পাওয়ায় কিউয়ি থিঙ্কট্যাঙ্কও বেশ খুশি।
কোচ মাইক হেসন যেমন বলেই দিয়েছেন, ‘মিডল অর্ডারে আমরা আরেকটি বিকল্প পেলাম। রস রয়েছেও দুর্দান্ত ছন্দে। তার বিরাট অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলেই মনে করি।’







