দলের হয়ে উদ্বোধন করতে নেমেছিলেন। খেললেন ইনিংসের শেষ পর্যন্ত। ব্যাট হাতে ঝড় তুলে কলিন মুনরো উড়িয়ে দিলেন ভারতকে। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৪০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
রাজকোটে দ্বিতীয় টি-টুয়েন্টিতে কিউই ওপেনার মুনরোর হার না মানা শতকের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১এ সমতা এখন।
শনিবার প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী সঙ্গী মার্টিন গাপটিলকে নিয়ে ১০৫ রানের সংগ্রহ এনে দেন মুনরো। গাপটিল ৪৫ রানে ফিরলেও সমান ৭টি করে ছক্কা ও চারে ১০৯ রানে অপরাজিত থাকেন মুনরো। সঙ্গে গড়েছেন প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক বছরে দুটি শতক হাঁকানোর কীর্তি। যাতে দল পেয়েছে দুই উইকেটে ১৯৬ রানের বিশাল সংগ্রহ।
বড় রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে ভারত। মাঝখানে বর্তমান ও সাবেক দুই অধিনায়ক প্রতিরোধ না গড়লে হারের ব্যবধান বড়ই হতে পারতো স্বাগতিকদের। সর্বোচ্চ ৬৫ রান এসেছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। এক রানের জন্য ফিফটির সুযোগ হারিয়েছেন সাবেক কাপ্তান মাহেন্দ্র সিং ধোনি। ভারতের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৫৬ রানে।
দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরষ্কার হাতে তুলেছেন মুনরো। সমতায় থাকা সিরিজ নিষ্পত্তি হবে মঙ্গলবার।









