স্পোর্টস

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

আফগান পরীক্ষায় ফেল বাংলাদেশ। সাফের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে বড় ধরনের ধাক্কা খেয়েছে মামুনুল ইসলামরা।

প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে উড়ে যাওয়ার পর সেমিফাইনালে ওঠার পথটা কঠিনই হয়ে গেছে তাদের। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

টিকে থাকার লড়াইয়ে আজ কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে বিকেল ৪টায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচে হারলেই টানা তৃতীয়বারের মতো সেমির আগেই সাফ থেকে বিদায় হবে লাল-সবুজের জার্সিধারীদের।

প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ অনেক শক্তিশালী। ২০০৮ সালের চ্যাম্পিয়নও তারা। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে মালদ্বীপ।

ভুটানকে ৩-১ গোলে হারালেও পুরো ম্যাচে মালদ্বীপের আধিপত্য ছিলো দেখার মতো। যে কারণে ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিনই হবে।

বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে জাহিদ-হেমন্তদের দুর্বল পারফরম্যান্স দেখে বাংলাদেশকে নিয়ে আশা দেখছেন না কেউ।

ভুটানের বিপক্ষে মালদ্বীপ যে মানের খেলা উপহার দিয়েছে তাতে করে মামুনুলদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে মালদ্বীপ। বাংলাদেশ ১৮২, ২২ ধাপ ওপরে থাকা মালদ্বীপের অবস্থান ১৬০তম স্থানে।

তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে মামুনুলরা। এ পর্যন্ত দশবারের লড়াইয়ে বাংলাদেশ ৩টি, মালদ্বীপ ২টিতে জিতেছে। বাকি ৫টি ড্র হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপে দু’দলের জয়ের পাল্লাটাও সমান। ২০০৩ সালে গ্রুপ পর্বে মালদ্বীপকে ১-০ হারিয়েছিলো বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে টাইব্রেকারে এই মালদ্বীপকে হারিয়েই সাফের শিরোপা জিতেছিলো বাংলাদেশ।

অবশ্য ২০১১ সালে মালদ্বীপের কাছে ৩-১ গোলে উড়ে যায় বাংলাদেশ। আর ১৯৯৭ সালে নিজেদের প্রথম সাফ টুর্নামেন্টে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো লাল-সবুজরা।

বিষয়:বাংলাদেশ-মালদ্বীপ ফুটবল সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…