টাঙ্গাইলে শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি
টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের এক শ্রমিক সর্দারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে সদর উপজেলার লতিফপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মো. শামছুল হক (৫০) দেলদুয়ার উপজেলার কৈজুরী এলাকার দুখু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শামছুল হক টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষে রাতে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে নিজ বাড়ী দেলদুয়ার উপজেলার কৈজুরী ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার লতিফপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে আটকে রাখে। এ সময় তার সাথে থাকা অপরযাত্রী মো. হালিম মিয়া ও অটো চালককে চলে যেতে বলে তারা। ঘটনা আঁচ করতে পেরে তারা স্থানীয় লোকজন ডাকতে থাকে। ইতোমধ্যে দুর্বৃত্তরা শামছুল হককে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।






