ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সেতু পূর্ব থানার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রফিকুল ইসলাম (৪৫) সিরাজগঞ্জের উল্লাপাড়ার আইল গ্রামের নুরুজ্জামানের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান: সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ৬ ডিসেম্বর এ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ সদরের একই পরিবারের ৩ জন নিহত হন।








