ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশ, শিরোপা জিতলো কে?

এশিয়ার সংগীতাঙ্গনে নতুন সংযোজন ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইন। প্রতিযোগিতায় দেশটির সংগীতশিল্পী কারমেলে ‘সোবরা-সোবরা’ গান পরিবেশন করে শিরোপা জিতে নিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
শনিবার (১৪ নভেম্বর) ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে বসে এবারের আসরের চূড়ান্ত পর্ব। এতে এশিয়ার ১১ টি দেশ অংশ নেয়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নয় সদস্যের অ্যাকাপেলা সংগীত দল বিটমস্ফিয়ার।
প্রতিযোগিতায় কারমেলে মোট ২১১ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এর মধ্যে জাতীয় বিচারকদের কাছ থেকে তিনি পান ৯৩ পয়েন্ট এবং দর্শকদের ভোটে পান ১১৮ পয়েন্ট। ১৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে থাইল্যান্ডের ম্যাং এক্স দাও। তাদের পরিবেশিত গানের নাম ‘অ্যারোমা’। অন্যদিকে ১৬৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ভিয়েতনাম। দেশটির সংগীতশিল্পী তক তিয়েনের পরিবেশিত গানের নাম ‘এম তিয়েন’। শীর্ষ পাঁচে আরও জায়গা করে নিয়েছে মালয়েশিয়া ও লাওস।
বাংলাদেশের প্রতিনিধি বিটমস্ফিয়ার ‘ভয়েস অব বাংলাদেশ’। সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’ শীর্ষক জাতীয় বাছাইপর্বে বিজয়ী হয়ে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। বঙ্গ ও এনটিভির যৌথ প্রযোজনায় আয়োজিত এই বাছাইপর্বে দেশের বিভিন্ন প্রান্তের নবীন ও প্রতিষ্ঠিত শিল্পীরা মৌলিক গান নিয়ে অংশ নিয়েছিলেন।
বিটমস্ফিয়ারের সদস্যরা হলেন আহনাফ আনিন্দ্য (গ্লিজমো), ইশতিয়াক জোবায়ের (জার্ডো), খন্দকার শামস (অ্যানার্কি), মাহি বিন আশরাফুল (সাইকোভার্স), মাহি হোসেন খান (ইনভ্যালিড), প্রাচ্য প্রিয়দীপ (ডিপক্স), রাফিউন নবী নাহিন (রাফটেকনিক্স), সিদরাতুল মুরসালিন ভাষা (ভাষা) এবং শান্ত (বিটবাকশো)। নয় সদস্যের দল হলেও নিয়মিত পরিবেশনায় অংশ নেন ছয় জন।
বাংলাদেশ ছাড়াও এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ভুটান, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে ইউরোভিশনের প্রচলিত ভোটিং পদ্ধতি অনুসরণ করা হয়। জাতীয় বিচারকদের ভোট এবং দর্শকদের ভোটের মূল্য ছিল সমান-প্রতিটি ৫০ শতাংশ। বিশ্বের ১৮৩ টি দেশ ও অঞ্চল থেকে দর্শকেরা ভোট দেওয়ার সুযোগ পান। তবে কেউ নিজের দেশের প্রতিনিধিকে ভোট দিতে পারেননি।
সংগীত পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বুলগেরিয়ার শিল্পী দারা এবং থাইল্যান্ডের সংগীতশিল্পী জেফ স্যাচুর। এ আয়োজনের মধ্য দিয়ে এশিয়ার বিভিন্ন দেশের সংগীত ও সংস্কৃতিকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার নতুন একটি মঞ্চ তৈরি হলো। দ্য ডেইলি স্টার





