জয় দেখছে রাজশাহী, ঢাকা মেট্টোর লিড

তিনশোর কাছাকাছি লক্ষ্য ছুঁড়ে দিয়ে স্বস্তিতেই থাকার কথা ছিল বরিশালের। কিন্তু সেই রানকে মামুলি বানিয়ে টায়ার ওয়ানে তৃতীয় দিনে জয়ের পথে ভালোমতোই ছুটছে রাজশাহী। জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডে টায়ার টুয়ের আরেক ম্যাচে লিড পেয়েছে ঢাকা মেট্টো।
বরিশাল-রাজশাহী
আগের দিনের সঙ্গে ঠিক একশো রান যোগ করে দ্বিতীয় ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয় বরিশাল। রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ২৮৪ রান। বরিশালের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শামসুল ইসলাম শেষদিকে যোগ করেন মূল্যবান ৫৬ রান।
জবাব দিতে নেমে জুনায়েদ সিদ্দিকীর অপরাজিত ৬৫ রানে ভর করে ১৮২ রানে তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। প্রথম ইনিংসেও ৭৮ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন জাতীয় দলের বাইরে থাকা এ বাঁহাতি ব্যাটসম্যান।
শেষদিনে ম্যাচ জিততে আরও ১০২ রান করতে হবে স্বাগতিকদের। হাতে আছে ৮ উইকেট।
ঢাকা মেট্টো-চট্টগ্রাম
সেঞ্চুরিয়ান সাদিকুর রহমানকে হারিয়ে তৃতীয় দিনের শুরু চট্টগ্রামের। মাত্র একরান যোগ করেই ১০১ রানে মোহাম্মদ আশরাফুলের বলে বোল্ড হন সাদিক। তার ফেরার পর হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলি।
ইয়াসিরের ৬৪ ও নাঈম হাসানের অপরাজিত ৪৩ রানে ভর করে মেট্টোর দেয়া ৩২৮ রান টপকে ৩৪৫ তোলে চট্টগ্রাম। লিড দাঁড়ায় ১৭ রানের।
মেট্টোর পেসার আবু হায়দার রনি পেয়েছেন ৪ উইকেট। তিন উইকেট আরেক পেসার কাজী অনিকের। দুটি শিকার আশরাফুলের।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে লিড পেয়েছে মেট্টোও। সেটা ৭৯ রানের। শেষদিনটা ৯৬ রানে শুরু হবে দলটির। উইকেট আছে সাতটি।





