গাজীপুরের জয়দেবপুর থেকে অপহৃত দুই যুবক উদ্ধারের পর নয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার গভীর রাতে গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মো. সাব্বির ও ফারুক ব্যাপারীকে উদ্ধার করা হয়।
এ সময় চার কিশোর অপরাধীসহ অপহরণকারী দলের মোট ০৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও নগদ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন, মেহেদী হাসান হৃদয়, আনিসুর রহমান, মো. জাবেদ হারুন অর-রশিদ ও আব্দুস সাত্তার। অন্য চারজন কিশোর অপরাধী বলে নাম ঠিকানা প্রকাশ করেনি র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান চ্যানেল আই অনলাইনকে বলেন: শনিবার উুক্তভোগী সাব্বিরের বাবা আমাদের লিখিত অভিযোগে জানায় তার ছেলেসহ ছেলের বন্ধু ফারুক ব্যাপারী গত শুক্রবার থেকে নিখোঁজ। ওইদিন বিকেল চারটার দিকে দোকানের মালামাল কেনার জন্য শ্যামপুরের জুরাইন কাঁচা বাজারে গিয়ে আর ফিরে আসে নি।
ভুক্তভোগীর বাবা সাব্বিরকে কোথাও খুঁজে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬১৮) করেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোন হতে তার বাবার মোবাইল নাম্বারে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে জানায়, ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয়েছে এবং মুক্তিপণ হিসাবে দুই লক্ষ টাকা দাবি করে।
তাকে টাকা নিয়ে গাজীপুর সদর থানাধীন পশ্চিম জয়পুর সাকিনস্থ জয়দেবপুর বাসস্ট্যান্ডে যেতে বলে। আর আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে এবং কোন প্রকার ঝামেলা করলে সাব্বিরকে হত্যার হুমকি প্রদান করে। এরপর সাব্বিরের বাবা বিষয়টি আমাদের জানালে শনিবার রাতে উপ-অধিনায়ক মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে অপহৃতসহ অপহরণকারীদের আটক করে।
অভিযান পরিচালনাকারী র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, অপহারণকারী চক্রটি ফেসবুকে ভুয়া একাউন্টের মাধ্যমে পরিচয় গোপন করে ভুক্তভোগী সাব্বিরকে প্রেমের ফাঁদে ফেলে। সাব্বির তার বন্ধু ফারুক ব্যাপারীকে সঙ্গে নিয়ে কথিত প্রেমিকার সাথে দেখা করতে গেলে অপহারণকারীরা তাদের দুজনকে জুরাইন, শ্যামপুর এলাকা হতে অপহরণ করে জয়দেবপুর নিয়ে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করে।
আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।







