কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর এক শিশুকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
অপহৃত ৬ বছরের ওই শিশুর নাম আলী আহম্মদ। সে টেকনাফের সাবরাং গুচ্ছগ্রামের আবু তাহেরের ছেলে। আর অপহরণের অভিযোগে আটক হওয়া যুবকের নাম তোফায়েল (২৩)।
জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ীর পাশে সমবয়সীদের সঙ্গে খেলা করছিল আলী আহাম্মদ। এসময় তিন অপহরণকারী ইসমাইল, তোফায়েল আর বেলাল মুখ চেপে জোর করে তাকে টেনে হিচঁড়ে নিয়ে যায়। তখন আলী আহম্মদের খেলার সঙ্গী শিশুরা ভয়ে চুপ করে থাকে।
‘‘বেলা গড়িয়ে বিকেল হলেও আলী আহম্মদ বাড়ী না ফেরায় পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে অপহরণকারী ইসমাইল ফোন করে আবু তাহেরের কাছে পাঁচ লাখ টাকা দাবী করে। টাকা না দিলে ছেলেকে মেরে ফেরার হুমকি দেয়া হয়। কিন্তু তাদের কাছে এতো টাকা না থাকায় পরিবারে শুরু হয় কান্নার রোল।
পরে রাতে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় যায়। থানা থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের দায়িত্ব দেওয়া হয় এসআই নুরুল আমিনকে। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেলকে অবহিত করা হয়।
তাদের দিক নির্দেশনা ও মনিটরিং এ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করে বুধবার রাত সোয়া ১১ টায় নয়া শরণার্থী ক্যাম্পের সামনে থেকে অালী অাহাম্মদকে উদ্ধার করা হয়। আটক করা অপহরণ চক্রের সদস্য তোফায়েলকে।’’
তোফায়েল সাবরাং কচুবুনিয়া সাকিনের আবদুর রহিমের ছেলে।









