আদালত

জোবায়দার বিরুদ্ধে মামলা চলবে কি না? আদেশ ১৩ এপ্রিল

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন ও একজন নারী আইনজীবী. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট ভবনের ছবি এবং একজন নারী আইনজীবীর ছবি, যারা দেশের আইনি ব্যবস্থা প্রতিনিধিত্ব করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা এক মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের লিভ-টু-আপিলের বিষয়ে আদেশ আগামী ১৩ এপ্রিল। ওই আদেশেই জানা যাবে জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলা চলবে কি না।

গত বছরের ১ এপ্রিল জোবাইদা রহমানের এই লিভ-টু-আপিলের শুনানি শেষে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সে আদেশ আর হয়নি। প্রায় ১ বছর পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে বৃহস্পতিবার আবার এ বিষয়ে শুনানি হলে আদালত আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

আদালতে জোবায়দার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক।

পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা রহমান।

বিষয়:খালেদা জিয়া জোবায়ের তারেক রহমান বিএনপি সুপ্রিম কোর্ট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…