বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনের আগে মোটেও ভালো সময় যাচ্ছে না নোভাক জকোভিচের। মন্টে-কার্লো মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে হেরে আসর থেকে নিয়েছিলেন বিদায়। এবার সার্বিয়ান ওপেনের ফাইনালেও হারলেন।
গত রোববার হওয়া ফাইনালে জোকোভিচকে হারিয়ে সার্বিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ।
প্রথম সেটে ৬-২ ব্যবধানে জিতে জোকোভিচকে চমকে দেন রুবলেভ। দ্বিতীয় সেটে হয় তুমুল লড়াই। টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে ভ্যাকসিন কাণ্ডের জেরে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারা জোকোভিচ জিতে ফেরার ইঙ্গিত দেন।
শেষ সেটে জোকোভিচ প্রতিপক্ষের কাছে রীতিমতো উড়ে যান। ৬-০ ব্যবধানে হেরে করেন অসহায় আত্মসমর্পণ। ২ ঘণ্টা ২৪ মিনিটের লড়াই শেষে ট্রফি জিতে যান ২৪ বছর বয়সী রুবলেভ।







