‘স্পর্শকাতর প্রতিরক্ষা তথ্য’ উধাও করে দেয়ার অভিযোগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তমোমি ইনাদা পদত্যাগ করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় টোকিওতে পদত্যাগের ঘোষণা দেন ইনাদা।
সম্প্রতি জাপানি গণমাধ্যমে ২০১৬ সালে দক্ষিণ সুদানে জাপানি শান্তিরক্ষীদের হাজিরা খাতা নষ্ট হওয়ার বিষয় নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতা চলাকালীন সময়ে সৈন্যদের একটি রেকর্ড বই, যা সুদানে আরও জাপানি সৈন্য লাগবে কি না এমন সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারতো, তা ফেলে দেয়া হয়। পরে জানা যায় যে, সেটির তথ্য সংরক্ষণ করা উচিত ছিল।
তবে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন ইনাদা।
আগামী ৩ আগস্ট শিনজো আবে সরকারের মন্ত্রী সভার বড় রদবদলের হওয়ার কথা, এর আগেই এই পদত্যাগের ঘটনা ঘটলো।










