জাতিসংঘের হুঁশিয়ারির মধ্যেই সাউথ সুদানে সংঘর্ষ চরমে পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের সমর্থকদের মধ্যে চলা সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ২৫০ জন।
সংঘর্ষে দুপক্ষই ভারী অস্ত্র ও গোলবারুদ ব্যবহার করছে। সংঘর্ষ শুরুর মাত্র
ঘণ্টা খানেক আগে দুপক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধ করতে আহবান জানায় জাতিসংঘ
নিরাপত্তা কাউন্সিল।
এক বিবৃতিতে সংঘাত যাতে আরো ছড়িয়ে না পড়ে সেজন্য পদক্ষেপ নিতে আহবান জানিয়েছি জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল।
গত শুক্রবার এই সংঘাতের সূচনা হয় সাউথ সুদানের রাজধানী জুবার রাস্তায়। প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচার-এর অনুগত সৈন্যরা পরস্পরকে লক্ষ্য করে গোলাগুলি শুরু করলে এ সংঘাত ছড়িয়ে পড়ে।
বিবিসির খবরে বলা হয়, পুরো শহর জুড়ে কামানের গােলার শব্দ ও বড় ধরনের বিস্ফােরণের শব্দ শােনা যাচ্ছে।
দুপক্ষের সংঘাতে দুজন চীনা শান্তিরক্ষী সদস্যসহ বেশ কয়েকজন শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে চায়না গণমাধ্যম। তবে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছেন।
২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের পর প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্টের মধ্যে তিক্ত সম্পর্ক রয়েছে। গৃহযুদ্ধ শেষ হবার পরেও এ দুজনের মধ্যে চরম অবিশ্বাস ও আস্থার সংকট দেখা যাচ্ছে।







