প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া’র নায়ক হয়ে সিনেমায় অভিষিক্ত হন রোশান। রক্ত, ধ্যাততেরিকি, ককপিট (কলকাতা) শিরোনামের তিন ছবি মুক্তি পেয়েছে তার। মুক্তির অপেক্ষায় আছে জাজ প্রযোজিত আরেক ছবি ‘বেপরোয়া’।
তরুণ এই নায়ক এবার জানালেন, প্রথমবারের মতো তিনি জাজ মাল্টিমিডিয়ার বাইরে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন।
চ্যানেল আই অনলাইনকে রোশান বলেন, ঈদুল আজহার পর বিস্তারিত ঘোষণা আসবে। জাজ মাল্টিমিডিয়ার বাইরে অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ছবিতে কাজের কথা মোটামুটি চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, যৌথ প্রযোজনা নয়, একেবারে আমাদের দেশের প্রযোজিত ছবি হবে সেটি। বিগ বাজেট, বড় ধামাকা।
রোশান জানান, জাজ মাল্টিমিডিয়া সঙ্গে এবং এর বাইরে সমানতালে তিনি কাজ করবেন। এমন নয় যে, জাজে আর কাজ করবেন না। ঈদের ঠিক পরেই সেই ঘোষণা জানা যাবে। তার আগে এর বেশি কিছুই জানাতে চান না তিনি। বাকিটা চমক হিসেবে রাখতে চাচ্ছেন রোশান।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে রোশান অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি। এতে রোশানের নায়িকা ববি। কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ পরিচালিত ওই ছবির শুটিং শেষ হয়েছে। তবে ছবির চারটি গানের মধ্যে তিন গানের শুটিং এখনও বাকি। এর শুটিং হবে থাইল্যান্ডে।
চলতি মাসেই এই তিন গানের শুটিং হবে বলে জানান রোশান। তিনি বলেন, ‘আমি বেপরোয়া’ নামে এ ছবির টাইটেল গানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে আগেই শেষ হয়েছে। বাকি তিনটা গানের শুটিং করলেই সব কাজ শেষ হবে ‘বেপরোয়া’র। এরপর কালার ও সম্পাদনার কাজ হবে।
প্রাথমিকভাবে জেনেছি, হয়তো ঈদুল আজহায় মুক্তি পেতে পারে ‘বেপরোয়া’। বাকিটা নির্ভর করছে জাজের উপর।









