জঙ্গিবাদ এবং উগ্রপন্থা ভিত্তিমূলেই নির্মূল করার জন্য প্রাথমিকস্তুরের পাঠক্রম সংশোধন করা হচ্ছে। এ কমিটির প্রধান বলেছেন, সাম্প্রতিক জঙ্গিবাদের সঙ্গে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা পাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে সরকার।
প্রাক-প্রাথমিকের জন্য একটি, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তিনটি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি করে বই নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি। এসব বইয়ে বর্ণমালা, গণনা, ছড়া, নীতিবাক্য, গণিত, সাধারণ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় রয়েছে।
এবার এসবের সঙ্গে সৎ এবং ভালো মানুষ হওয়ার জন্য অনুসরণীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ বলেন, গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার পর আমরা পাঠ্যক্রম সংশোধনের একটি উদ্যোগ নিয়েছি। আমরা কারিকুলাম এমনভাবে তৈরি করব যে ভিত্তিমূলেই যাতে সে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেছেন, কারিকুলাম পরিমার্জনের সঙ্গে বইয়ে লেখা নীতিবাক্যগুলো স্কুলের দেয়ালে লেখারও নির্দেশ দেয়া হয়েছে। সচিব আরও বলেন, জীবন গঠনের ভিত্তির জন্য যে নীতি বাক্যগুলো আমরা আগে পড়েছি, সেগুলো স্কুলের দেয়ালে লেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হবে তা চূড়ান্ত করার পর প্রচলিত বইয়ের অধ্যায় হিসেবে সেগুলো যুক্ত করা হবে। এ বিষয়ে এরই মধ্যে শিক্ষকদেরও ধারণা দেয়া হয়েছে।










