নতুন মেয়াদে নির্বাচিত পরিচালকদের নিয়ে সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মিরপুরের বিসিবি কার্যালয়ে শুরু হবে সভা।
যেখানে পরিচালকদের বিভিন্ন কমিটিতে কাজের দায়িত্ব বুঝিয়ে দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মূল এজেন্ডা কার্যনির্বাহী কমিটি গঠন হলেও শেখ হাসিনা স্টেডিয়াম প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও আরও কিছু বিষয়ে আলোচনা হবে পরিচালকদের দ্বিতীয় আনুষ্ঠানিক সভায়।
বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়ে গেছে গত ৬ অক্টোবর। টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে পাকিস্তান সিরিজের কারণে বিভিন্ন কমিটিতে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়নি ২৫ পরিচালকের। বছরের শেষদিকে এসে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে।
আগের দুই মেয়াদে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সামলানো আকরাম খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কমিটিতে তাকে দেখা যাবে কিনা সেটিও জানা যাবে শুক্রবার।







