কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
পূর্বঘোষিত কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে হাতিরপুল এলাকায় পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
ছাত্রদল সূত্রে জানা গেছে, রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল। সেখানে অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে স্থান পরিবর্তন করে বাংলামোটরে নিয়ে যাওয়া হয়। সেখানেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হাতিরপুল এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল।
পুরাতন মাই টিভি ভবনের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল শুরু করে ইস্টান প্লাজার সামনের সড়ক হয়ে হাতিরপুল বাজারের কাছে গিয়ে শেষ করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক অাকরামুল হাসানের নেতৃত্বে বিক্ষোভে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।







