শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে রিয়াল বেটিসকে হারাল বার্সেলোনা। এ ম্যাচ জিতে তিন ম্যাচ হাতে রেখেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল জাভি হার্নান্দেজের দল।
শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে একটি করে গোল করেছেন আনসু ফাতি ও জর্ডি আলবা।
এই জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পাকাপোক্ত করল কাতালানরা এবং সেই সাথে বাঁচিয়ে রাখল চার দলের স্প্যানিশ সুপার কাপে খেলার আশা।
সদ্য কোপা দেল রে জেতা রিয়াল বেটিস এদিন শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলেছে। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সা। তবে শট লক্ষ্যে বেশি রেখেছে বেটিস। ছয়টি শটের তিনটিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা।
২০তম মিনিটে আরাউজোর হেড বেটিস গোলরক্ষকের হাতে লেগে ক্রসবারে লাগলে প্রথম সুযোগ হারায় বার্সা। দশ মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ পায় বেটিসও। তবে পোস্টের সুবাদে এ যাত্রায় বেঁচে যায় কাতালানরা৷ গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুদলই। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ৭৬ মিনিটে বার্সাকে লিড এনে দেন ফাতি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। তিন মিনিটের মাথায় বেটিসকে সমতায় ফেরান মার্ক বার্ত্রা।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। যোগ করা সময়ে দানি আলভেসের ক্রসে দারুণ ভলিতে তা উড়িয়ে দেন আলবা। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।







