সিনেমা হলে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গেল বছরের বহুল আলোচিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের উপর নির্মিত তৌকীর আহমেদের এই ছবিটি আবার চ্যানেল আইয়ের পর্দায়।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বাঙালির জীবনে ফেব্রুয়ারি বিরাট জায়গা নিয়ে আছে। এটা আমাদের প্রাণের মাস। গেল বছর এই মাসেই বড় পর্দায় মুক্তি দেয়া হয়েছিলো তারকাবহুল ছবি ‘ফাগুন হাওয়ায়’। বছর ঘুরে আবারও এলো ফেব্রুয়ারি। ভাষার মাসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আবারও চ্যানেল আইয়ের পর্দায় ছবিটি দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ‘ফাগুন হাওয়ায়’।
গেল বছরের ১৫ ফেব্রুয়ারি ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা।
এছাড়াও ছবিতে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেককে।








