মন ভাঙার গল্প শুনছে এআই, কতটা নিরাপদ এই নির্ভরতা?
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মানসিকভাবে বিপর্যস্ত অনেক মানুষ এখন পরামর্শের জন্য এআই চ্যাটবটের দ্বারস্থ হচ্ছেন। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, ব্যক্তির পরিস্থিতি না বুঝে এআইয়ের দেওয়া পরামর্শ গ্রহণ মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষক জাইনাব ইফতিখারের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় ১৮ মাস ধরে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা হয়। তিনজন লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী ও সাতজন প্রশিক্ষিত সহকর্মী পরামর্শদাতার সহযোগিতায় জিপিটি, ক্লড ও লামার মতো এআই মডেলের আচরণ পরীক্ষা করেন গবেষকেরা।
গবেষণাটি এএএআই/এসিএম সম্মেলন অন এআই, এথিকস অ্যান্ড সোসাইটি (কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিকতা ও সমাজবিষয়ক সম্মেলন) শীর্ষক সম্মেলনের প্রকাশনায় প্রকাশিত হয়েছে।
গবেষকেরা মোট ১৩৭টি কাউন্সেলিং সেশন বিশ্লেষণ করেন। এর মধ্যে ১১০টি ছিল স্ব-পরামর্শভিত্তিক এবং ২৭টি ছিল অনুকরণমূলক সেশন। বিশ্লেষণে পাঁচটি প্রধান ক্ষেত্রে ১৫ ধরনের নৈতিক ঝুঁকি শনাক্ত করা হয়।
এসব ঝুঁকির মধ্যে রয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত পরিস্থিতি না বুঝেই সাধারণ পরামর্শ দেওয়া, ক্ষতিকর বিশ্বাসকে সমর্থন করা, প্রকৃত আবেগীয় উপলব্ধি ছাড়াই ‘আমি তোমার কষ্ট বুঝতে পারছি’ বলা, সাংস্কৃতিক ও ধর্মীয় পক্ষপাত দেখানো এবং আত্মহত্যার চিন্তার মতো সংকটময় পরিস্থিতিতে যথাযথ সহায়তার পথ দেখাতে ব্যর্থ হওয়া।
গবেষকদের মতে, যাঁরা এআইয়ের ভুল উত্তর শনাক্ত ও সংশোধন করতে পারেন না, তাঁরা অনুপযুক্ত পরামর্শের কারণে বেশি ঝুঁকিতে পড়তে পারেন। কারণ, এআই মানুষের মতো প্রকৃত অর্থে মনোচিকিৎসা করে না; বরং শেখানো তথ্য ও ভাষার ধরন অনুসরণ করে উত্তর তৈরি করে।
গবেষকেরা বলছেন, মানসিক স্বাস্থ্যসেবায় এআই সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এর নিরাপদ ব্যবহারের জন্য প্রয়োজন কঠোর মূল্যায়ন, সুস্পষ্ট নীতিমালা ও জবাবদিহির ব্যবস্থা।
গবেষণাটি আমাদের সতর্ক করে দেয়—সহানুভূতির ভাষায় কথা বলা আর সত্যিকার অর্থে বিপদের মুহূর্তে সঠিক সহায়তা দেওয়া এক বিষয় নয়। মানুষের আবেগ, অনুভূতি ও পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করে সহমর্মিতা দেখানোর জন্য প্রয়োজন মানবিক গুণাবলি। এআই সেই গুণাবলির অনুকরণ করতে পারলেও মানুষের মতো প্রকৃত অনুভূতি বা অভিজ্ঞতা নেই। তাই মানসিক স্বাস্থ্যসেবায় এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু মানুষের বিকল্প হিসেবে নয়।






