যে সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় ইনজুরিতে পড়েছেন মোহামেদ সালাহ। সেই রামোসের দেশ স্পেনেই চিকিৎসার জন্য যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড। তিনি বুধবার চিকিৎসার জন্য স্পেন যাবেন বলে নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন।
গত শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধের ইনজুরি পড়েন সালাহ। তখন থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
তবে রোববার টুইট করে সালাহ নিজেই জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপ খেলার ব্যাপারে বেশ ‘আত্মবিশ্বাসী’ তিনি। আর সোমবার রাতে লিভারপুল তারকার স্পেন যাওয়ার বিষয়টিও নিশ্চিত হয়।
মিশরীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, গত রোববার থেকেই রিহ্যাব প্রোগ্রাম শুরু করেছেন সালাহ। তার স্পেন যাত্রায় সঙ্গী হবেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, জাতীয় দল ও লিভারপুলের চিকিৎসকরা।
মিশর ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলেছে, ‘মোহামেদ সালাহ রোববার তার চিকিৎসা প্রোগ্রাম শুরু করেছেন। দলের প্রযুক্তিগত ও প্রশাসনিক কর্মীদের সাথে টেলিফোনে কথোপকথনে তিনি এটা নিশ্চিত করেছেন। সালাহ মানসিকভাবে খুবই আত্মবিশ্বাসী এবং দ্রুত দলে ফিরে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’







