আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে গোল পেয়েছিলেন। এবার লিগ ওয়ানেও জাল খুঁজে পেয়েছেন মাউরো ইকার্দি। আর্জেন্টাইন তারকার সঙ্গে গোল পেয়েছেন নেইমার, সারাবিয়া ও ইদ্রিসা গানা। চার তারকার গোলে অঁজিকের বিপক্ষে ৪-০ গোলে জেতে পিএসজি।
৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে টমাস টুখেলের দল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে অঁজি।
ঘরের মাঠে বল দখলের সঙ্গে আক্রমণেও দাপট দেখায় পিএসজি। তারা মোট ১৩টি শট নেয় যার ৮টিই ছিল লক্ষ্যে। অঁজিও বেশ পরীক্ষা নিয়েছে স্বাগতিক রক্ষণভাগের। মোট ৯টি শট নেয় তারা। তবে লক্ষ্যে ছিল মাত্র ২টি।
ম্যাচের ১৩ মিনিটে আন্দ্রে হেরেরার পাস থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে নেন সারাবিয়া। ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের কোণাকুণি শটে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি। আগের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে অভিষেক গোল পাওয়া এই তারকা লিগ ওয়ানে নিজের গোলের খাতা খোলেন।
বিরতির পর অঁজির জালে আরও দুবার বল পাঠায় পিএসজি। ৫৯ গোল করেন সারাবিয়া। ম্যাচের ৯০ মিনিটে জালের দেখা পান নেইমার। বদলি ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের বাড়ানো পাসে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুণি শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। চলতি লিগে ৫ ম্যাচে এটি তার চতুর্থ গোল।








