অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (১৭ অক্টোবর) তিনি দেশে ফেরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন সেনাপ্রধান। এ সময় তিনি মেলবোর্নে ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং একাডেমিক বিনিময় সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি’র (এইউএসএ) বার্ষিক সভা ও প্রদর্শনীতে অংশ নেন তিনি।
সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনী কমান্ডের (ইউএসএআরপ্যাক) বিদ্যমান পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।






