‘লিডিং লাক্সারি হোটেল/রিসোর্ট’ পুরস্কার পেল কক্সবাজারের বে ওয়াচ

ছবি: সংগৃহীত
বাংলাদেশের কক্সবাজারের ইনানী সৈকতে অবস্থিত বে ওয়াচ হোটেল সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস সাটা ২০২৬-এ ‘লিডিং লাক্সারি হোটেল/রিসোর্ট’ বিভাগে পুরস্কার অর্জন করেছে। এ স্বীকৃতিকে দেশের আতিথেয়তা শিল্পের অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যটন অঙ্গনে কক্সবাজারের সম্ভাবনা তুলে ধরার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) বে ওয়াচ হোটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয় মালদ্বীপে। দক্ষিণ এশিয়ার ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়। এতে আঞ্চলিক পর্যটন খাতের পেশাজীবীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়।
ইনানী সৈকতে অবস্থিত বে ওয়াচ হোটেল অবকাশযাপন ও করপোরেট অতিথিদের জন্য আবাসন, সভা, সম্মেলন এবং টিম রিট্রিটের সুবিধা দিয়ে থাকে। উপকূলীয় অবকাশযাপনের পাশাপাশি সভা, প্রণোদনামূলক ভ্রমণ, সম্মেলন ও প্রদর্শনীকেন্দ্রিক পর্যটনেও ইনানীর সম্ভাবনা রয়েছে।

হোটেল কর্তৃপক্ষের মতে, এ আন্তর্জাতিক স্বীকৃতি ইনানী সৈকত ও কক্সবাজারের পরিচিতি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তা শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সেবার মান উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে দেশের পর্যটন গন্তব্যগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগ তৈরি করবে।



