চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান আসামি শিমুল মিজিকে (২৪) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১১ জানুয়ারি বিকেলে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। এর আগে এই মামলার অভিযুক্ত নারীসহ ৩ সহযোগীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২)। এদের মধ্যে ইজাজ ও সাব্বিরকে কুমিল্লা থেকে আটক করে পুলিশ।
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে গত রোববার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুলসহ তার সহযোগী দুই বন্ধু মিলে তাকে তুলে পার্শ্ববর্তী অপর আসামি লিপি বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত শিমুল তাকে ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই শিক্ষার্থী বাড়িতে এসে তার বাবা—মাকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত এ মামলার অভিযুক্ত সকল আসামী আটক করেছে পুলিশ।








