চলে গেলেন ‘সচিত্র সন্ধানী’র সম্পাদক গাজী শাহাবুদ্দিন

গাজী শাহাবুদ্দিন
রুচিশীল ম্যাগাজিন ‘সচিত্র সন্ধানী’র প্রকাশক ও সম্পাদক গাজী শাহাবুদ্দিন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দুপুরে ঢাকার নিজস্ব বাসভবনে (গাজী ভবন) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
আজ বাদ এশা নয়াপল্টন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতেই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
গাজী শাহাবুদ্দিন স্ত্রী বীথি শাহাবুদ্দিন, মেয়ে গাজী শারমীন ও ছেলে গাজী শুভ্রসহ অসংখ্য বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের সেরা লেখকদের সেরা লেখার অনেকগুলোই ছাপা হয়েছে ‘সচিত্র সন্ধানী’তে। শহীদ জননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ও ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল এই পত্রিকায়। সন্ধানী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে খ্যাতনামা সাহিত্যিকদের বই।



