গ্রুপপর্বে কোনো গোল না করেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল শেখ রাসেল। সেই দলই বুধবার বিদায় করে দিলো স্বাধীনতা কাপের গতবারের ফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনীকে।
স্বাধীনতা কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শেখ রাসেল। সেখানে দলটির প্রতিপক্ষ ব্রাদার্স।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচের ফল নিজেদের হাতে নেয় শেখ রাসেল। ৩৫ মিনিটে সতীর্থের দেয়া পাসে হেড করে দলকে এগিয়ে দেন উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশ।
সেই গোলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই চট্টগ্রাম আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দেয় শেখ রাসেল। ৩৯ মিনিটে ডি-বক্সের ভেতরে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল।
দুই গোলের ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি চ. আবাহনী। শেখ রাসেলও আর ব্যবধান বাড়াতে পারেনি। দুই গোল নিয়েই উঠে যায় সেমিতে।







