প্রথম রাউন্ড শেষে ৩৩তম স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডেই ঘুরে দাঁড়ানো শুরু। জার্মানিতে পোরশে ইউরোপিয়ান ওপেনে দারুণ খেলে শেষ পর্যন্ত যৌথভাবে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর রহমান।
হামবুর্গের গ্রিন ঈগল গলফ কোর্সে রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডিতে পারের চেয়ে ৪ শট কম খেলেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ১১টি শট কম খেলেছেন দেশ সেরা এই গলফার।
টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় রাউন্ডে ৬টি বার্ডি এবং ১টি বোগি করে তৃতীয় স্থানে ছিলেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ডের হোঁচটে পিছিয়ে পড়েছিলেন। শেষদিনে এসে অসাধারণ খেলেই ২০ লাখ প্রাইজমানির আসরে তৃতীয় হলেন দুবার এশিয়ান ট্যুর জয়ী লাল-সবুজ তারকা।








