শুরুতে এগিয়ে গেলেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ

প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিতে পারলেও দ্বিতীয় ম্যাচে পর্তুগালকে আটকাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত লিড রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। পর্তুগালের বিপক্ষে হেরেছে ৩-১ গোলে।
আজারবাইজানের হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যায় যুবারা। কাউন্টার অ্যাটাক থেকে ফরোয়ার্ড মোহাম্মদ বায়জিদের গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা।
সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৭ মিনিটে বাংলাদেশ ডিফেন্ডার আরশি আজিম নিজেদের জালে বল জড়ান। সমতায় ফেরে পর্তুগাল। ১২ মিনিটে গোল করে পর্তুগিজদের এগিয়ে নেন মিডফিল্ডার রুবেন পিন্টু কুইরোজ। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগিজ যুবারা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে যুবারা। শেষ দিকে আরও একবার নিজেদের জালে বল জড়ায় বাংলাদেশ। শেষ অবধি ৩-১ গোলে হেরে নিয়ে মাঠ ছাড়ে আকবর হোসেন রিদনের দল।
এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। অন্যদিকে, টুর্নামেন্টে এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।



