১৭ বছর খেলে বেড়িয়েছেন ইউরোপের বড় বড় সব ক্লাবে। বয়স চলছে ৩৬। শেষ হয়ে আসছে ক্যারিয়ার। পড়ন্তবেলায় তাই আর দেশের টান এড়াতে পারলেন না দানি আলভেজ। তিন বছরের চুক্তিতে ব্রাজিল অধিনায়ক ফিরে গেলেন দেশের ক্লাব সাও পাওলোতে।
পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর শোনা যাচ্ছিল সাবেক ক্লাব বার্সেলোনাতে ফিরতে পারেন আলভেজ। এক কিংবা দুই বছরের চুক্তিতে এ ডিফেন্ডারকে ফিরিয়ে নিতে আগ্রহের কথা জানান দিয়েছিল বার্সাও। তবে সেসবে জল ঢেলে সাও পাওলোতে ফিরলেন ব্রাজিলকে মাস দেড়েক আগে কোপা জেতানো অধিনায়ক।
আলভেজকে দলে টানলেও তার পারিশ্রমিক মেটাতে পারবে কিনা ক্লাবটি সেখানে ছিল প্রশ্ন। বিশেষত ২০১০ সালের আর্থিক মন্দার পর থেকেই বেশ নাজুক অবস্থা সাও পাওলোর। আবার ৩৬ বছর বয়সেও আলভেজের পারিশ্রমিক বেশ চড়া। ক্লাবটির কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, আলভেজের বেতন দেয়ার সামর্থ্য আছে তাদের। সেটা কোনো পৃষ্ঠপোষক ছাড়াই।
ক্যারিয়ারের শেষবেলাতে চলে এলেও আরেকটি বিশ্বকাপ খেলতে চান আলভেজ। ইচ্ছা ২০২২ কাতার বিশ্বকাপ খেলেই ফুটবলকে জানাবেন বিদায়। নিয়মিত খেলার তাড়না থেকেই ব্রাজিলে ফেরা। যে ক্লাবে সতীর্থ হিসেবে পাচ্ছেন রাফিনহা, ফিলিপে লুইস, গেরসনদের মতো ফুটবলারদের।







