গ্রাহকের তথ্য চুরির ঘটনায় ক্ষমা চাইলো ব্রিটিশ এয়ারওয়েজ

<> on October 25, 2016 in London, England.
অ্যাপ এবং ওয়েবসাইটে হ্যাকারদের আক্রমণে কয়েক লাখ গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য চুরি হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।
ব্রিটিশ এয়ারওয়েজের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী অ্যালেক্স ক্রুজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,‘এ ঘটনায় গ্রাহকদের কাছে ব্রিটিশ এয়ারওয়েজ আন্তরিকভাবে দুঃখিত। কেউ এতে অর্থনৈতিক ক্ষতির শিকার হলে ক্ষতিপূরণ দেয়া হবে।’
গত বুধবার ব্রিটিশ এয়ারওয়েজে সাইবার হামলার ঘটনা প্রকাশ পায়। এয়ারলাইন প্রতিষ্ঠানটি জানতে পারে, ২১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে হওয়া বুকিংয়ে খুবই সুক্ষ্ম ম্যালওয়্যার দিয়ে অপরাধ ঘটানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, ক্রেডিট কার্ডে হওয়া প্রায় ৩ লাখ ৮০ হাজার পেমেন্টে সাইবার আক্রমণ সনাক্ত করা গেছে। এমনকি হ্যাকারদের হাতে গ্রাহকদের নাম, ঠিকানা, ইমেইল ঠিকানা, ক্রেডিট কার্ড নম্বর, সিকিউরিটি কোড চলে গেছে।
এসব দিয়ে হ্যাকাররা অনায়াসে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাই গ্রাহকদের সাবধান করতে এবং প্রয়োজনীয় ব্যাংকিং সুরক্ষা নিশ্চিত করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।






