পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল গ্যাস সিলিন্ডার থেকে। ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
শনিবার দুপুরে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ভবন ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টে কেমিক্যাল গোডাউন অপসারণে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাতের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছে, একটি গাড়ির সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। একটি গাড়ির সিলিন্ডার থেকে পাশের আরেকটি গাড়ির সিলিন্ডারে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
গত বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কেউ বলছে বৈদ্যুতিক টান্সফরমার বিস্ফোরণ আবার কেউ বলছে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। ওয়াহিদ ম্যানসনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন।








