আগামী ১ মার্চ থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকালে দাম বাড়ানোর বিষয়ে ঘোষণা দেয়া হবে।
বিইআরসির একটি সূত্র জানিয়েছে, আবাসিক, সিএনজিসহ প্রায় সকল গ্রাহকেরই গ্যাসের দাম বাড়ানো হবে।
এর আগে গ্যাসের দাম বাড়ানো নিয়ে সংশ্লিষ্ট সকল বিতরণ কোম্পানীর প্রস্তাবের উপরে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেসব শুনানিতে গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে নানা যুক্তি উপস্থাপন করা হয়েছিলো। এমনকি বিইআরসি কারিগরি কমিটি এই প্রস্তাবের পর্যালোচনা করে সংশ্লিষ্ট কোম্পানীগুলোর লাভ হচ্ছে বলে জানিয়ে ছিলেন।
শুনানি শেষে বিইআরসি আবাসিক খাতে দুই চুলার জন্য ১ হাজার এবং এক চুলার জন্য ৮০০ টাকা প্রস্তাব করে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার ৪০ টাকা প্রস্তাব করে।
বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই দাম কার্যকর করে বিইআরসি। আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা দেয়া হতো।








